ফিটনেস ট্রেনিংয়ে ব্যস্ত সাকিব

বিপিএলের ফাইনালে পাওয়া চোটের কারণে লম্বা বিরতি পড়েছে। গত কয়েকদিন ধরেই ফিটনেস নিয়ে কাজ করছেন সাকিব আল হাসান। গতকাল দুপুর ১২টায় বিসিবি একাডেমি মাঠে আসেন তিনি। তখন আবাহনী ও প্রাইম দোলেশ্বর অনুশীলন করছিল। মাঝ মাঠে সবুজ ঘাসে বোলিং করছিলেন নাজমুল ইসলাম অপু, সাব্বির রহমানরা। তাদের কাছ থেকে বল নিয়ে কয়েকবার হাত ঘোরালেন সাকিব।

আঙুলের ব্যান্ডেজ খুলে ফেলেছেন বাংলাদেশের টেস্ট ও টি-২০ অধিনায়ক। ড্রিলের মতো কয়েকটি বল করেই এই অলরাউন্ডার ব্যস্ত হয়ে পড়েন রানিংয়ে। বিসিবির ট্রেনার সিজারের তত্ত্বাবধানে মাঠের একপ্রান্তে অনেকক্ষণ রানিং করেছেন সাকিব। রানিং শেষে জিমে সময় কাটিয়েছেন তিনি।

ফিটনেস ফিরে পেতে পরিশ্রম করলেও সাকিবের নিউজিল্যান্ড সফরে না যাওয়ার সম্ভাবনাই বেশি। ঢাকা প্রিমিয়ার লিগেও কোনো ক্লাবে নেই তিনি। ক্রিকেট পাড়ায় গুঞ্জন, বাঁহাতি এই অলরাউন্ডারের ফিট হওয়ার এই চেষ্টা মূলত আগামী ২৩ মার্চ শুরু হতে চলা আইপিএলকে কেন্দ্র করে।