যুক্তরাষ্ট্রে গেলেন সাজাপ্রাপ্ত ভিয়েতনামী ব্লগার

ভিয়েতনাম কর্তৃপক্ষ সাজাপ্রাপ্ত বিশিষ্ট ব্লগার তা ফং তানকে মুক্তি দিয়েছে। মুক্তি পেয়ে তিনি দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে  গেছেন । কমিউনিস্ট রাষ্ট্র ভিয়েতনামের পুলিশ বাহিনী ও বিচার বিভাগের দুর্নীতি নিয়ে লেখার দায়ে তাকে এ সাজা দেয়া হয়েছিল। সোমবার মার্কিন দূতাবাস একথা জানায়।


হ্যানয়ে ওয়াশিংটন দূতাবাসের মুখপাত্র টারি হোয়াইট বার্তা সংস্থা এএফপিকে বলেন, তা ফং তানকে ছেড়ে দেয়ার ভিয়েতনাম কর্তৃপক্ষের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। তিনি আরো বলেন, কারাগার থেকে ছাড়া পাওয়ার পর তিনি যুক্তরাষ্ট্রে যাওয়ার সিদ্ধান্ত নেন।


ভিয়েতনাম কর্তৃপক্ষ তার মুক্তির বিষয়ে এখন পর্যন্ত কোন বিবৃতি দেয়নি। উল্লেখ্য, রাষ্ট্র বিরোধী অপপ্রচার’ চলানোর দায়ে ২০১২সালে তা ফং তানের ১০ বছরের সাজা হয়। যুক্তরাষ্ট্রে তাকে সাদরে গ্রহণ করা হয়েছে। বাসস ও এশিয়ান টাইমস