পেনাল্টি নিয়ে নেইমারের ক্ষোভ

চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে ভিএআরের (ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি) সাহায্য নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে রেফারির দেওয়া পেনাল্টির সিদ্ধান্ত যথার্থ ছিল না বলে মনে করেন তারকা ফরোয়ার্ড নেইমার।

ব্রাজিল তারকার দল পিএসজি গত বুধবার প্রতিযোগিতার শেষ ষোলোর ফিরতি লেগে নিজেদের মাঠে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ৩-১ গোলে পরাস্ত হয়। প্রথম লেগে পিএসজি ২-০ গোলে জেতায় দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ৩-৩। কিন্তু প্রতিপক্ষের মাঠে এক গোল বেশি করে পরের রাউন্ডের টিকেট পায় কোচ ওলে গুনার সুলসারের দল।

ম্যানচেস্টার ইউনাইটেডের জয়সূচক গোলটি আসে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে। বক্সে পিএসজির ডিফেন্ডার প্রেসনেল কিম্পেম্বের হাতে বল লাগলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টি দেন রেফারি। সফল স্পট কিকে জয় নিশ্চিত করেন ইংলিশ ফরোয়ার্ড মার্কাস র্যাশফোর্ড।

নেইমার এই পেনাল্টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হন। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে পেনাল্টি নিয়ে নিজের অসন্তোষের কথা জানান ২৭ বছর বয়সী এই ব্রাজিলীয়।

তিনি লেখেন,‘এটা একটা লজ্জার ব্যাপার, ভিএআরে রিপ্লে দেখার দায়িত্বে তারা এমন চারজন মানুষকে রাখল, যারা ফুটবল সম্পর্কে কিছুই জানে না। এটা পেনাল্টি হয় না। বল তার পেছনের দিকে আঘাত করলে কীভাবে হ্যান্ডবল হয়!’

কোচ সুলসার অবশ্য ব্রাজিলের তারকা ফরোয়ার্ডের সঙ্গে একমত নন। রেফারির সিদ্ধান্তকে সঠিক বলেই মনে করেন নরওয়ের ৪৬ বছর বয়সী এই কোচ। তিনি বলেন, ‘আমি ঘটনাটা বা ভিডিও দেখিনি। আমি আশা করি যে সিদ্ধান্তটা ঠিক ছিল।’

তিনি আরো বলেন,‘আমি আমার দলের সদস্যদের শান্ত রাখার মাধ্যমে রেফারিকে সাহায্য করার চেষ্টা করছিলাম, কারণ এ বিষয়ে আমরা কোনোভাবেই কিছু করতে পারতাম না। আমি আশা করি, সিদ্ধান্তটা যথার্থ ছিল। আর তারা সেটাই বলেছে, তাই সম্ভবত এটা ঠিকই ছিল।’