দিল্লি বিশ্ববিদ্যালয়ের দেয়ালে শিকল ভাঙ্গার ডাক

 
সম্প্রতি দিল্লী বিশ্ববিদ্যালয়ের দেয়ালগুলো ছেয়ে রয়েছে নারী স্বাধীনতা আর শিকল ভাঙার ডাকে। দেয়াল লিখন আর পোস্টারের বাণীতে পাওয়া যাচ্ছে তালা ভাঙার আওয়াজ।
 
ঘটনার শুরু বিশ্ববিদ্যালয়ের একটি বিতর্কিত সিদ্ধান্ত থেকে। রাতের বেলা নারী শিক্ষার্থীদের চলাফেরায় বিধিনিষেধ আরোপ করে কর্তৃপক্ষ। নোটিশ দিয়ে জানিয়ে দেয়া হয় রাতের নির্দিষ্ট প্রহরের পর হলের বাইরে বেরোতে পারবে না মেয়েরা। আর এতেই চটেছেন সেখানকার শিক্ষার্থীরা। তারা একে নারী বিদ্বেষী ও পুরুষতান্ত্রিক মানসিকতার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন।
 
IMG0
 
শিক্ষার্থীদের অভিযোগ, নিরাপত্তার নামে ছাত্রীদের বাইরে থাকতে না দিয়ে, তাদের চলাফেরায় নিয়ন্ত্রণ আরোপ করে সমানাধিকারের প্রশ্নকে আড়াল করা হচ্ছে।
 
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে প্রকাশ, প্রতিদিনের মতই একদিন সকালে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ঢুকে দেখেন গোটা ক্যাম্পাসজুড়ে পোস্টার আর দেয়াল লিখন। সব জায়গায় খাঁচা থেকে পাখি উড়ে যাওয়ার ছবি আঁকা হয়েছে। আর পোস্টেরে পোস্টেরে শিকল ভাঙার আহ্বান।
 
IMG1
 
এর আগে একইধরনের আন্দোলন হয়েছিল দিল্লির অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও। পশ্চিমবঙ্গের যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েও নারীদের প্রতি বৈষম্যের বিরুদ্ধে জোরালো আন্দোলন হয়েছে। প্রতিবাদের অংশ হিসেবে জামিয়া মিলিয়ার শিক্ষার্থীরা ‘ব্রেক দ্য হোস্টেল লকস’ নামে শত শত পোস্টার লাগিয়েছিল।