ব্রিসবেনের কোচ হলেন লেহম্যান

এই ড্যারেন লেহম্যানই তাদের সবচেয়ে বড় সাফল্যটা এনে দিয়েছিলেন। আবার সেই লেহম্যানকেই প্রধান কোচ হিসেবে নিয়োগ দিলো বিগ ব্যাশের দল ব্রিসবেন হিট। অস্ট্রেলিয়ার বল ট্যাম্পারিং কান্ডের পর জাতীয় দলের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে ছিলেন সাবেক তারকা ক্রিকেটার লেহম্যান। তারপর থেকে গত এক বছর আর কোনো ধরনের কোচিংয়ের সাথে জড়িত হননি। এদিকে গত আসরের পর ব্রিসবেনের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান ড্যানিয়েল ভেট্টোরি। ফলে তারাও নতুন একজন কোচ খোঁজ করছিলো। লেহম্যান কখনোই বল ট্যাম্পারিং কান্ডে জড়িত ছিলেন না। তাকে তদন্ত কমিটিও নির্দোষ ঘোষণা করেছিলো। তারপরও ব্যক্তিগত দায়ের জায়গা থেকে সরে দাঁড়িয়ে ছিলেন তিনি। ব্রিসবেনে এটা হবে লেহম্যানের দ্বিতীয় অধ্যায়। এর আগে বিগ ব্যাশের প্রথম দুই মৌসুমে দলটির দায়িত্বে ছিলেন তিনি। ২০১২-১৩ মৌসুমে শিরোপাও জিতে ছিলেন।