জাপানে প্রবীণ মানুষের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। সন্তানের নিম্ন জন্মহার ও গড় আয়ু বেশি হওয়ার কারণে এমনটি হচ্ছে। পূর্ব এশিয়ার ধনী এই দেশটিতে ৮০ বছরের ঊর্ধ্বে জ্যেষ্ঠ নাগরিকের সংখ্যা এখন এক কোটিতে দাঁড়িয়েছে। প্রবীণদের এই সংখ্যা দেশটির মোট জনসংখ্যার শতকরা ৭ দশমিক ৯ শতাংশ।
জাপানের আন্তঃসংযোগ মন্ত্রণালয়ের জরিপে দেশটির মোট জনসংখ্যায় প্রবীণদের এই সংখ্যা প্রকাশ করা হয়। দেশটির কর্মকর্তাদের মতে, এই ঘটনা দেশটির ইতিহাসে অভূতপূর্ব। এর আগে দেশটিতে কখনোই মোট জনসংখ্যার এত বিশাল অংশ প্রবীণ ছিল না। শুধু তাই নয়, দেশটিতে ৬৫ বছরের ঊর্ধ্বে রয়েছে প্রায় সাড়ে তিন কোটি মানুষ যা দেশটির মোট জনসংখ্যার ২৬ দশমিক ৭ শতাংশ।
প্রবীণদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কর্মক্ষম জনগোষ্ঠীর ওপর ক্রমবর্ধমান হারে চাপ বাড়ছে। দেশটি অনেক এলাকায় প্রয়োজনীয় কর্মীদের সংকট তৈরি হচ্ছে। এর ফলে দেশটির সরকারি খরচও বৃদ্ধি পাচ্ছে। প্রবীণদের জন্য বৃদ্ধাশ্রম ও পেনশনের জন্য সরকারি ব্যয়ের একটি বিশাল অংশ বরাদ্দ রাখতে হচ্ছে।
নিম্নমৃত্যু ও বর্তমান জন্মহার অব্যাহত থাকলে ২০৬০ সালের মধ্যে দেশটির জনসংখ্যা প্রায় সাড়ে চার কোটি কমে ৮ কোটি ৭ লাখে পৌঁছবে বলে আশঙ্কা রয়েছে। নতুন প্রজন্মকে বেশি করে সন্তান জন্মদানে উদ্বুদ্ধ করাতে চেষ্টা চালাচ্ছে জাপান সরকার।