বাংলাদেশ জাতীয় দলের নিউজিল্যান্ড সফর চলছে। নিউজিল্যান্ড থেকে ফিরেও হেড কোচের পরামর্শ অনুযায়ী বিশ্রামে থাকবেন জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটার। শুধু ওয়ানডে খেলা ক্রিকেটারদের কেউ কেউ বিশ্রামে রয়েছেন। দেশের সিংহভাগ তারকা ক্রিকেটারদের ছাড়াই আজ শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ।
ঢাকার ১২টি ক্লাব নিয়ে আয়োজিত ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা আকর্ষণ ওয়ানডে ফরম্যাটের এই লিগের মূল ভাবনায় থাকবে আগামী মে-জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের প্রস্তুতি। মিরপুর স্টেডিয়াম, ফতুল্লা স্টেডিয়াম ও বিকেএসপিতে অনুষ্ঠিত হবে লিগের ম্যাচ। ভালো উইকেটে ম্যাচ আয়োজনের আশা করা হচ্ছে। বিশ্বকাপের মতোই রানের উইকেটে খেলা হবে।
শুরু থেকে বা মাঝপথে জাতীয় দলের যেসব ক্রিকেটার খেলতে নামবেন তাদের জন্য বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চই হবে প্রিমিয়ার লিগ। ওয়ানডে ফরম্যাটের অভ্যাস তৈরির ক্ষেত্রে এই লিগ বড় ভূমিকা পালন করবে বলেই মনে করেন বিসিবির পরিচালক ও আবাহনী ক্রীড়াচক্রের কোচ খালেদ মাহমুদ সুজন।
গতকাল বিসিবি একাডেমি মাঠে অনুশীলনের পর আবাহনীর কোচ বলেছেন- ‘প্রিমিয়ার লিগের ম্যাচগুলো খুব ভালো উইকেটে খেলা হয়। ব্যাটিং সহায়ক হয়। ইংল্যান্ডেও ব্যাটিং সহায়ক উইকেট হবে, একটু বাউন্স বেশি থাকতে পারে হয়তো।’
তিন ভেন্যুতেই ভালো উইকেট আশা করছেন সুজন। তিনি বলেছেন- ‘আমাদের মিরপুরের উইকেট এখন খারাপ না। ফতুল্লায় অনেকদিন যাওয়া হয় না। তবে আমি শেষ একটা প্র্যাকটিস ম্যাচ দেখতে গেলাম, খারাপ লাগেনি। বিকেএসপিতে সবসময় খুব ভালো ব্যাটিং উইকেট থাকে।’
ওয়ানডে দলের চার ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, সাব্বির রহমান, সাইফউদ্দিন খেলবেন আবাহনীর হয়ে। যদিও শুরুতে তিন রাউন্ড মাশরাফিকে পাবে না আবাহনী। সুজনের মতে- এসব ক্রিকেটারের ওয়ানডে ফরম্যাটে মানিয়ে নিতে সাহায্য করবে প্রিমিয়ার লিগ।
গতকাল তিনি বলেছেন- ‘আসলে ম্যাচ খেলা একটা প্র্যাকটিস। ৫০ ওভারের ম্যাচের একটা অভ্যাস তৈরি করা। বোলারদের জন্য গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের চিন্তা মাথায় রেখে, তাদের যেই উন্নতিগুলো দরকার, সেগুলো এখানে করতে পারে। ব্যাটসম্যানরা যদি লম্বা ইনিংস খেলে, রান করে, আত্মবিশ্বাস তৈরি হবে। বিশ্বকাপের জন্য দারুণ হবে।’
আজ লিগের উদ্বোধনী ম্যাচে মিরপুর স্টেডিয়ামে গত আসরের চ্যাম্পিয়ন আবাহনীর মুখোমুখি হবে প্রথম বিভাগ থেকে উঠে আসা বিকেএসপি। প্রথম রাউন্ডের প্রথম দিনের অপর দুটি ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে রানার্সআপ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রতিপক্ষ প্রথম বিভাগ থেকে উঠে আসা আরেক ক্লাব উত্তরা স্পোর্টিং। বিকেএসপির তিন নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জের বিরুদ্ধে মাঠে নামবে ব্রাদার্স ইউনিয়ন।
বাংলাদেশের ক্রিকেটে প্রিমিয়ার লিগের গুরুত্ব কারো অজানা নয়। দেশের সবচেয়ে ঐতিহ্যবাহী প্রতিযোগিতা এটি। এবার লিগে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের আশা করছেন সুজন। দেশের ক্রিকেটে প্রিমিয়ার লিগের গুরুত্ব নিয়ে আবাহনীর কোচ গতকাল বলেছেন- ‘অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ক্রিকেটের প্রেক্ষাপটে মর্যাদাপূর্ণ কোনো লিগ হয়, আমি মনে করি সেটা প্রিমিয়ার লিগ। সেটা অনেক যুগ থেকেই চলছে। সবসময়ই আবাহনী মোহামেডান দুইটি দলের জন্য খুব মর্যাদার হয় কারণ অনেক বছর ধরে এরা খেলছে। সঙ্গে এখন তো অনেক দল উঠে এসেছে। সবার জন্যই খুব প্রতিযোগিতামূলক ও সবচেয়ে মর্যাদার কিন্তু আমি ঢাকা লিগকেই ধরি।’