ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে বিদেশি কোটায় উপমহাদেশের ক্রিকেটারদেরই বেশি দেখা যায়। একটা পাকিস্তানি ক্রিকেটারদের আধিক্য ছিল। শ্রীলঙ্কানদের ভিড়ও দেখা গেছে ঘরোয়া ক্রিকেটের অন্যতম আকর্ষণীয় এই লিগে। তবে আজ থেকে শুরু হতে চলা ঢাকা প্রিমিয়ার লিগে বিদেশি কোটায় দাপট দেখাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। একঝাঁক ভারতীয় খেলবেন লিগের বিভিন্ন ক্লাবের হয়ে।
গতকাল ক্লাবগুলোর সঙ্গে যোগাযোগের পর জানা গেছে, অন্তত সাতটি ক্লাবের বিদেশি কোটার ক্রিকেটার ভারতীয় থাকছেন। অবশ্য এসব ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বড় নাম নেই। মাঝারি মানের ক্রিকেটারই বেশি। দুজন শ্রীলঙ্কান ও একজন পাকিস্তানি ক্রিকেটার খেলবে প্রিমিয়ার লিগে। এসব ক্রিকেটারের অনেকেই ইতোমধ্যে ঢাকায় এসে দলের সঙ্গে যোগ দিয়েছেন।
ক্লাবগুলো বিদেশি কোটায় একজন ক্রিকেটার খেলাতে পারবে একাদশে। প্রিমিয়ার লিগের গত আসরের চ্যাম্পিয়ন আবাহনী ক্রীড়াচক্র নিয়ে এসেছে লঙ্কান ওপেনার কুশল সিলভাকে। ৩২ বছর বয়সী এই ওপেনার শ্রীলঙ্কার হয়ে ৩৯টি টেস্ট খেলেছেন। গতকাল বিসিবি একাডেমি মাঠে দলের সঙ্গে অনুশীলন করেছেন তিনি।
গত আসরে রানার্সআপ শেখ জামাল ধানমন্ডি ক্লাব দলে ভেড়ানোর চেষ্টা করছে আরেক শ্রীলঙ্কান অলরাউন্ডার আসেলা গুণারত্নেকে। তার অন্তর্ভুক্তি অবশ্য এখনও চূড়ান্ত নয়। আজ সেটা নিশ্চিত হতে পারে। প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের হয়ে খেলবেন পাকিস্তানি অলরাউন্ডার সাদ নাসিম। পাকিস্তানের হয়ে ৩টি করে ওয়ানডে ও টি-২০ খেলেছেন তিনি। ২৮ বছর বয়সী এই অলরাউন্ডার পিএসএলে পেশোয়ার জালমির হয়ে খেলেছেন। গতকাল দোলেশ্বরের সঙ্গে অনুশীলন করেছেন তিনি।
বাকি ক্লাবগুলোর বিদেশি ক্রিকেটার ভারতীয়। গাজী গ্রুপ ক্রিকেটার্স ভারতীয় অলরাউন্ডার পারভেজ রসূলকে এনেছে। একটি করে ওয়ানডে ও টি-২০ খেলা জম্মু-কাশ্মীরের এই ক্রিকেটার আগেও গাজী ক্রিকেটার্সের হয়ে খেলেছেন। মোহামেডান স্পোর্টিং ক্লাব উড়িয়ে আনছে বাঁহাতি অলরাউন্ডার বিপুল শর্মাকে। এর আগেও মোহামেডানের হয়ে খেলেছেন তিনি।
লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলবেন রিশি ধাওয়ান। ২৯ বছর বয়সী এই অলরাউন্ডার ভারতের হয়ে তিনটি ওয়ানডে ও একটি টি-২০ খেলেছেন। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স, কেকেআর ও কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলেছেন। গতকাল বিসিবি একাডেমি অনুশীলন করেছেন রিশি ধাওয়ান। শাইনপুকুর ক্রিকেট ক্লাব ধরে রেখেছে গত আসরের ক্রিকেটার উদয় কৌলকে। টপঅর্ডার এই ব্যাটসম্যান আগামী ১০ মার্চ দলের সঙ্গে যোগ দিবেন তিনি।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে প্রথম তিন রাউন্ড খেলবেন সীমান্তের ওপাড়ের কলকাতার ক্রিকেটার সুবীর চ্যাটার্জি। মোহনবাগানের এই ক্রিকেটার অবশ্য তারপরই ফিরে যাবেন। কারণ লিগের বাকি ম্যাচগুলোতে প্রাইম ব্যাংকের বিদেশি ক্রিকেটার হিসেবে খেলেবেন অভিমন্ন্যু ঈশ্বরন। গত আসরেও এই ভারতীয় ব্যাটসম্যান প্রাইম ব্যাংকের হয়ে খেলেছেন।
ব্রাদার্স ইউনিয়ন চুক্তি করেছে ২৯ বছর বয়সী অলরাউন্ডার চিরাগ জানির সঙ্গে। আইপিএলে কেকেআর ও রঞ্জি ট্রফিতে নিয়মিত খেলেন চিরাগ জানি। ইতোমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। খেলাঘর সমাজ কল্যাণ সমিতি গত আসরের মতোই অশোক মেনারিয়াকে ধরে রেখেছে। এবারও ক্লাবটির হয়ে খেলবেন এই ভারতীয় অলরাউন্ডার। গত বছর খেলাঘরের ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন মেনারিয়া। এছাড়া বিকেএসপি ও উত্তরা স্পোর্টিংয়ের বিদেশি কোটার ক্রিকেটারের নাম জানা যায়নি। অবশ্য বিকেএসপি বিদেশি ক্রিকেটার আনার দিকে কখনোই আগ্রহী নয়।