শপথ নিলেন সিপ্রাস

সাধারণ নির্বাচনে জয়ের পর ফের গ্রিসের প্রধানমন্ত্রী হয়েছেন বামপন্থি সিরিজা পার্টির নেতা অ্যালেক্সিস সিপ্রাস। এ নিয়ে আটমাসের মধ্যে দ্বিতীয়বার সিপ্রাস গ্রিসের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন।

রোববার অনুষ্ঠিত গ্রিসের সাধারণ নির্বাচনে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ আসন পায় সিরিজা পার্টি। নির্বাচনে জেতার পরে গতকাল সোমবার দেশটির রাজধানী এথেন্সের প্রেসিডেন্ট প্রাসাদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন ৪১ বছর বয়সী বামপন্থি এই নেতা। এর আগে সোমবার সকালে গ্রিসের প্রেসিডেন্ট প্রোকোপাস প্যাভলোপিলোস সংখ্যাগরিষ্ঠ পার্টির নেতা সিপ্রাসকে সরকার গঠনের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। গ্রিসের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত নির্বাচনের শেষ আনুষ্ঠানিক ফলাফল অনুযায়ী ৩৫ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে ৩০০ আসনের পার্লামেন্টে ১৪৫ টি আসন পেয়েছে সিরিজা পার্টি।

 

IMG0


রোববার ভোটগ্রহণ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর রাতে সিপ্রাস ও তার প্রথম জোট সরকারের অংশিদার অ্যানেল পার্টির নেতা প্যানোস ক্যামেনোস জোট পুনরুজ্জীবনের ঘোষণা দেন।  জানুয়ারি থেকে অগাস্ট পর্যন্ত সিপ্রাস সরকারের প্রথম মেয়াদে অ্যানেল পার্টির অংশিদারিত্ব ছিল।  অ্যানেলের ১০টি আসনসহ নতুন জোট সরকার গ্রিসের পরবর্তী পার্লামেন্টের ১৫৫টি আসন নিয়ন্ত্রণ করবে। রয়টার্স