জুতার মধ্যে স্বর্ণের বার, আটক ১

 
যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে এক ব্যক্তির জুতার ভেতর থেকে এক কেজি ৬০০ গ্রাম ওজনের মোট ১৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই ঘটনায় ঐ ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে বেনাপোল বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ৭০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
 
আটক হানেফ আলী (৩৫) বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের সহর আলী ছেলে। 
 
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, বেশ কিছু স্বর্ণের বার নিয়ে চোরাকারবারী বেনাপোল বাসস্ট্যান্ড থেকে সীমান্তের দিকে যাবে-এমন খবর পেয়ে বিজিবি‘র একটি টহল দল সেখানে অবস্থান নেয়। পরে হানেফকে আটক করে বেনাপোল বিজিবি সদর ক্যাম্পে নিয়ে আসা হয়। তার পায়ের জুতার মধ্যে বিশেষভাবে রাখা ১৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য ৭০ লাখ টাকা বলে তিনি জানান।
 
তিনি আরো জানান. আটক হানেফ আলীকে জিজ্ঞাসাবাদ শেষে পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।