চাঁপাইনবাবগঞ্জে অ্যাম্বুলেন্স খাদে পড়ে চালকের মৃত্যু



চাঁপাইনবাবগঞ্জে একটি অ্যাম্বুলেন্স খাদে পড়ে চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে জেলার সরজন এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-গোমস্তাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবেদ আলী (৫০) গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক। তিনি ঐ উপজেলার রহনপুর পৌর এলাকার কোয়ার্টার পাড়ার বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে রাতের কোনো এক সময় সরজন এলাকার চাঁপাইনবাবগঞ্জ-গোমস্তাপুর সড়কের একটি কালভার্টসহ প্রায় বিশ ফুট সড়ক ভেঙ্গে পড়ে। ঐ রাস্তা দিয়ে ভোর পৌনে ৫টার দিকে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে ফেরার পথে কালভার্ট পার হওয়ার সময় আবেদ আলী অ্যাম্বুলেন্সসহ খাদে পড়ে যান। স্থানীয়রা টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস এসে খাদে অর্ধনিমজ্জিত অ্যাম্বুলেন্স থেকে লাশটি উদ্ধার করে।

ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সদর থানার এসআই কামরুল ইসলাম জানান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে ভারি বর্ষণে কালভার্ট ও সড়ক ভেঙে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জ সদরের সঙ্গে গোমস্তাপুর উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।