পোর্তো নির্ধারিত ৯০ মিনিটের পর যোগ করা অতিরিক্ত সময়ে পাওয়া পেনাল্টিতে গেলবারের সেমিফাইনালিস্ট রোমাকে ৩-১ গোলে হারিয়ে শেষ ষোল নিশ্চিত করেছে।
মাত্র আধঘণ্টা আগেই ইতিহাস লিখে শেষ আটে পৌঁছে ছিল ম্যানচেষ্টার ইউনাইটেড। প্যারিস থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার দূরত্বে পর্তুগালের ক্লাব পোর্তোও লিখলো ঘুরে দাঁড়িয়ে পাওয়া জয়ের গল্প। যার শেষটাও মিলে গেল কাকতালীয়ভাবেই! ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) কল্যাণে পাওয়া পেনাল্টি থেকে!
ইতালির ক্লাব রোমার মাঠে প্রথম লেগে ২-১ ব্যবধানে হেরেছিল পোর্তো। প্রতিপক্ষের মাঠে গোলটির কারণে পরের পর্বে যেতে এক গোলই যথেষ্ট ছিল পোর্তোর। তবে ২৬ মিনিটে পোর্তোর হয়ে ফ্রান্সিসকো সোয়ারেস গোলও করেন। কিন্তু ৩৭ মিনিটে রোমার দানিয়েল দি রসি গোলটি শোধ করে দিলে পোর্তোর প্রয়োজন পড়ে আরও দুই গোল। যার প্রথমটি ৫২ মিনিটে মুসা মারেগার পা থেকে আসলে দুই লেগ মিলিয়ে সমতায় ফেরে পর্তুগীজ দলটি।
নির্ধারিত সময়ে কোনো দলই আর গোল না পেলে অতিরিক্ত সময়ে গড়ায় শেষ ষোলর এই দ্বৈরথ। ১১৩ মিনিটে রোমা বিপদসীমায় আলেসান্দ্রো ফ্লোরেঞ্জি প্রতিপক্ষ খেলোয়াড়কে ফাউল করলে পেনাল্টি পায় পোর্তো। সেখান থেকে অ্যালেক্স তেলেস গোল করলে চ্যাম্পিয়ন্স লিগ যুগে প্রথমবারের মতো নকআউট পর্বের কোনো লড়াইয়ে প্রথম লেগে হেরেও পরের পর্বে উত্তীর্ণ হবার কৃতিত্ব দেখায় পোর্তো।