কমলগঞ্জে দিনমজুরকে পিটিয়ে হত্যা, আটক ৬

 
মৌলভীবাজারের কমলগঞ্জে রাজ্জাক মিয়া (৩৫)  নামে এক দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার রাত ১০টার দিকে উপজেলার ইউনিয়নের ছনগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আরো ছয়জনকে আটক করেছে পুলিশ। 
 
আটককৃতরা হলেন- কদর আলী (৬০), করিম উদ্দীন (২৮), তরিক মিয়া (৫৫), সালাহ উদ্দীন (৩০), কবির হোসেন (৩৮) ও জয়নাল মিয়া (৩০)।
 
নিহতের পরিবার সদস্য ও কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, পূর্ব জালালপুর গ্রামের রাজ্জাক সিলেটে দিনমজুরের কাজ করত। ঈদ উপলক্ষে তিনি কিছুদিন আগে বাড়িতে এসেছেন। গতকাল রাতে ছনগাঁও গ্রামে রাজ্জাককে সাথে নিয়ে সাইফুল তার প্রেমিকার সাথে দেখা করতে যান। এতে প্রেমিকার পরিবার সদস্যরা ক্ষিপ্ত হয়ে তাদের লাঠিপেটা করে রাস্তায় ফেলে রেখে ডাকাতদের গণপিটুনি দেয়ার কথা বলে।
 
খবর পেয়ে পুলিশ ছনগাঁও গ্রামের রাস্তা থেকে মৃত রাজ্জাক ও আহত সাইফুলকে উদ্ধার করে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করে। ময়নাতদন্তের জন্য লাশ মঙ্গলবার সকালে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। 
 
জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো: আশরাফুল আলম মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি নিহত ও আহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত শেষে প্রকৃত ঘটনাটি বের হবে।