ম্যানচেস্টার সিটির মালিকরা এ বছরের মধ্যে ভারতে একটি ক্লাব কিনতে চায়। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির প্রধান নির্বাহী ফেরান সরিয়ানো এ তথ্য জানান।
ক্লাবটির কর্তৃপক্ষ দ্য সিটি ফুটবল গ্রুপ (সিএফজি) দুনিয়াজুড়েই ফুটবল ক্লাব কিংবা প্রতিষ্ঠিত ক্লাবগুলোয় শেয়ার কিনেছে। গত মাসে তারা চীনের দ্বিতীয় বিভাগের একটি দল সিচুয়ান জিউনিউকে কিনেছে।
এর আগে তারা ২০১৩ সালে তারা যুক্তরাষ্ট্রে একটি ক্লাব কেনে। এর নাম নিউ ইয়র্ক সিটি। এছাড়াও অস্ট্রেলিয়ার এ লিগের ক্লাব মেলবোর্ন সিটি, লা লিগার জিরোনা উরুগুয়ের অ্যাথলেটিকো তোরকে এবং জে-লিগের ক্লাব ইয়োকোহামা ম্যারিনোয় তাদের শেয়ার আছে।
সিটির প্রধান নির্বাহী সরিয়ানো এ প্রসঙ্গে বলেন,‘কয়েকটি লিগ ও দেশে যেখানে ফুটবলের সত্যিকারের উন্মাদনা ও সুযোগ আছে, আমাদেরও কিছু আগ্রহ আছে সেখানে। এই যেমন চীন। এছাড়াও আছে ভারত। এর বাইরেও এশিয়ার অন্যত্র সুযোগ থাকতে পারে।’
তিনি আরো বলেন,‘দুই বছর ধরে আমরা ভারতের ব্যাপারে নজর রাখছি। আমি বলবো এ বছরই আমরা ভারতে বিনিয়োগের বিষয়টি চূড়ান্ত করে ফেলবো।’
বার্সেলোনার সাবেক সহ-সভাপতি সোরিয়ানোর মতে তিনি আরো অনেক জায়গাতেই তাদের স্বার্থ সম্প্রসারণের সুযোগ দেখছেন।