ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে একটা ট্যুরিস্ট রিসোর্ট থেকে নারীসহ চার পর্যটককে অপহরণ করেছে বন্দুকধারীরা। দেশটির সেনাবাহিনীর এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।
সেনাবাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন অ্যালবার্তো কাবের জানান—সোমবার দিনগত গভীর রাতে বন্দুকধারীরা মিন্দানাওয়ের দাবাও শহরের কাছে সামাল দ্বীপের ‘হলিডে ওস্যানভিউ রিসোর্ট’ থেকে ওই চারজনকে অপহরণ করে। এর মধ্যে দুইজন কানাডার, একজন নরওয়ের ও অপরজন স্থানীয় এক নারী।
তিনি বলেন—ধারণা করা হচ্ছে ওই চারজনকে আগে থেকেই টার্গেট করা হয়েছিল। অপহরণের পর বন্দুকধারীরা নৌকায় চেপে ওই এলাকা থেকে পালিয়ে যায়। ফিলিপাইনের কর্তৃপক্ষ অপহূত তিনজনের নাম প্রকাশ করেছে। তারা হচ্ছে—কানাডার জন রিডছেল এবং রবার্ট হল, নরওয়ের ওই রিসোর্টের ম্যানেজার জার্তান। তবে অপহূত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।