টেক্সাসের স্কুল ছাড়ল 'ঘড়ি বালক' আহমেদ

 
ঘড়ি বানিয়ে গ্রেফতার হওয়া মার্কিন মুসলিম ছাত্র আহমেদ মোহাম্মদকে তার স্কুল থেকে ছাড়িয়ে নিয়েছে তার পরিবার। আহমেদ বাড়িতে একটি ঘড়ি বানিয়ে স্কুলের শিক্ষকদের দেখানোর জন্য নিয়ে গেলে সেটিকে বোমা ভেবে পুলিশের হাতে সোপর্দ করা হয় তাকে। খবর- বিবিসির।
 
তার পিতা মোহাম্মদ আল হাসান বলেন, তিনি তার সব সন্তানকে ঐ এলাকার স্কুল থেকে সরিয়ে নিয়েছেন। তার মতে, গ্রেফতারের ঘটনা আহমেদের উপরে ক্ষতিকর প্রভাব ফেলেছে।
 
তবে আহমেদের বিরুদ্ধে আনা অভিযোগ খুব দ্রুত প্রত্যাহার করে নেয়া হয়। স্কুল কর্তৃপক্ষের এমন আচরণ নিয়ে অনলাইন বিশ্বে ঝড় সৃষ্টি হয়। খোদ প্রেসিডেন্ট বারাক ওবামাও আহমেদের পক্ষ নিয়ে টুইট করেন। তাকে তার ঘড়িসহ হোয়াইট হাউজে আসার আমন্ত্রণ জানান প্রেসিডেন্ট। এর পর ফেসবুক, টুইটারসহ বিভিন্ন যায়গা থেকে আমন্ত্রণ পেতে থাকে আহমেদ।
IMG0
বুধবার পুরো পরিবারসহ নিউইয়র্ক যাচ্ছে আহমেদ। সেখানে জাতিসংঘের বেশ কিছু গণ্যমান্য ব্যক্তি তার সঙ্গে দেখা করতে আগ্রহী। এরপর আহমেদের পিতা তাকে নিয়ে সৌদি আরবের মক্কায় যাওয়ার আশা করছেন। সেখান থেকে ফিরে আসার পর হোয়াইট হাউজে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনা রয়েছে তাদের।
 
টেক্সাসের আরভিংয়ে ম্যাকআর্থার স্কুলে তাকে গ্রেফতার করা হয়েছিল। এর পরই আহমেদ জানায়, সে আর ওই স্কুলে ফিরে যেতে চায় না। সে আরো জানায় যে তাকে বেশ কিছু স্কুলে ভর্তি হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। তবে একটি সিদ্ধান্ত নেয়ার আগে তিনি আরো সময় নিতে চান।