ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া মাছ ধরার ট্রলারের নিখোঁজ জেলেদের লাশ ভেসে উঠতে শুরু করেছে। গতকাল মঙ্গলবার সুন্দরবনের দুবলার চরে ৬টি লাশ দেখতে পাওয়া গেছে বলে জানিয়েছে জেলেরা। এর মধ্যে ৩টি লাশের অবস্থা এমন অবস্থায় পৌঁছেছে যে, তাদের শনাক্ত করা সম্ভব নয়।
দুবলা ফিশারম্যান গ্রুপের সাংগঠনিক সম্পাদক শাহানূর রহমান শামীম স্থানীয় জেলেদের বরাত দিয়ে জানান, দুবলার চরের ৫/৬ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে ডুবোজাহাজ এলাকা এবং পশুর চ্যানেলের মোহনায় বহু লাশ ভাসতে দেখা গেছে। মঙ্গলবার দুবলার চরের আলোরকোলের বালির খালে ৪টি ও মেহেরআলীর জামতলায় ২টি লাশ ভেসে এসেছে।
দুবলার চরে অবস্থানরত ফিশারম্যান গ্রুপের সদস্য রাজা মিয়া জানান, এর মধ্যে তিনটি লাশ এমন অবস্থায় রয়েছে যে তাদের শনাক্ত করা সম্ভব নয়।
এসব লাশ উদ্ধারের সম্ভাবনা কম বলে মন্তব্য করেন দুবলা ফিশারম্যান গ্রুপের চেয়ারম্যান মেজর (অব.) জিয়া উদ্দিন আহমেদ। তিনি ইত্তেফাককে বলেন, মঙ্গলবার রাত থেকে জেলেরা দুবলার চরসহ সুন্দরবন ও বঙ্গোপসাগর ছেড়ে আসতে শুরু করেছে। কারণ, ২৫ সেপ্টেম্বর থেকে দেশের সাগর-নদীতে মাছ শিকার বন্ধ হতে যাচ্ছে। এরপর সেখানে লাশ শনাক্ত বা উদ্ধারের বেসরকারি কেউ থাকবে না। সরকার যদি জরুরিভাবে উদ্যোগী হয়ে নৌবাহিনী, কোস্টগার্ড, বন বিভাগকে এ ক্ষেত্রে দায়িত্ব দেয় তাহলে এসব লাশ উদ্ধার হতে পারে।
প্রসঙ্গত, ঝড়ে প্রায় অর্ধশতাধিক মাছ ধরার ট্রলার ডুবে প্রায় দুই শতাধিক জেলে নিখোঁজ রয়েছে।