অজ্ঞান পার্টির খপ্পরে ৭ গরু ব্যবসায়ী

ফরিদপুরে পৃথক ঘটনায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন সাত গরু ব্যবসায়ী। তাদেরকে অসুস্থাবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের থেকে তিনলাখ ৪০ হাজার টাকা নিয়ে গেছে অজ্ঞান পার্টির সদস্যরা। মঙ্গলবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। 
 
তারা হলেন- কৃষ্ণনগরের হাঁট গোবিন্দপুর গ্রামের গরু বিক্রেতা রাধাবল্লভ (৫২) তার ছেলে, কলেজ ছাত্র নারায়ন (১৮), জামাতা গজারিয়ার দীনেশ (৩০), শ্যালক রাজবাড়ীর নিখিল চন্দ্র, ভাঙ্গা উপজেলার মালিগ্রামের হান্নান কাজী (৩৮), নাসির মাতবর (৩৫) এবং নগরকান্দার বেলায়েত মল্লিক (৩৫)।
 
কোতয়ালী থানা পুলিশ ও আক্রান্তদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাটে গরু বেচে ৪০ হাজার টাকা নিয়ে বাড়ি যাওয়ার পথে শসা কিনে খাওয়ার কিছুক্ষণ পর একে একে অসুস্থ হন তারা। কানাইপুর বাসষ্টান্ডে পৌছালে বাসের কর্মীরা অজ্ঞান চার ব্যক্তিকে নিচে নামিয়ে রেখে যান। এ সময় টহলরত পুলিশের উপ-পরিদর্শক বিপুল কুমার তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ওই পুলিশ কর্মকর্তা জানান, আক্রান্তরা সুস্থ হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 
আরেক ঘটনায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন নগরকান্দার বেলায়েত মল্লিক। ভাইয়ের একটি গরু বেচার টাকা নিয়ে বিকালে দলবদ্ধভাবে বাড়ি ফেরার সময় শসা কিনে খান তিনি। কিছুক্ষণ পরই তিনি অসুস্থ হয়ে পড়লে সহযোগীরা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় অন্যরা শসা না খাওয়ায় তারা অসুস্থ হয়নি। 
 
অপর এক ঘটনায় ফরিদপুরে টেপাখোলা বাজারে গরু কেনাবেচার উদ্দেশে বাড়ি থেকে তিন লাখ টাকা নিয়ে যাওয়ার সময় শসা খেয়ে অসুস্থ হয়ে পড়েন দুই গরু ব্যবসায়ী ভাঙ্গা উপজেলার মালিগ্রামের হান্নান কাজী ও নাসির মাতবর। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। 
 
অসুস্থরা সবাই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।