সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, টাঙ্গাইল, বরগুনা ও গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। বুধবার সকাল থেকে এসব দুর্ঘটনা ঘটে।
সুনামগঞ্জ: সকাল আটটার দিকে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে হাসনাবাদ এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন।
ছাতক ট্রাফিক ও স্থানীয় সূত্র জানায়, সিলেট থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে ছাতক আসছিল। এসময় বিপরীত দিক থেকে যাওয়া একটি মালবাহী অটোরিকশাটিকে চাপায় দিলে এই হতাহতের ঘটনা ঘটে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা মামুন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে তাত্ক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া: বেলা একটার দিকে সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে বাড়িউড়া নামক স্থানে বাসচাপায় তিন নারী নিহত হয়েছেন।
নিহতরা হলেন- ইসলামাবাদ গ্রামের মৃত মতি মিয়ার স্ত্রী আতিয়া খাতুন(৪০), একই গ্রামের সাদেক মিয়ার স্ত্রী শামসুন্নাহর (৫০) এবং তেরকান্দা গ্রামের জালাল মিয়ার স্ত্রী আজিয়া বেগম (৬০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, ইউনিয়ন পরিষদ থেকে বিজিএফের চাল নিয়ে ঐ তিন নারী বাড়ি ফিরছিলেন। এসময় ঢাকা থেকে সিলেটগামী এনাম পরিবহনের একটি বাস তাদের চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে গিয়ে পড়ে।
সরাইল থানার ওসি আসাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম: চট্টগ্রামের বহদ্দারহাট থেকে কাঠগড়গামী একটি বাস দেওয়ানহাট সেতু পার হয়ে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটির চাপায় চার পথচারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। বুধবার সকাল সোয়া নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাত্ক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (পশ্চিম) আরেফিন জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
টাঙ্গাইল: সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চান্দিলায় যাত্রীবাহী বাস ও লেগুনার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন। বুধবার সকাল সোয়া নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-বগুড়ার বুলবুল (৪০) ও টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সুদেব ঘটক (৩৫)। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট কামরুজ্জামান রাজ জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেগুনার সাথে বিপরীতগামী খালেদ এন্টারপ্রাইজের একটি বাসের সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে।
বরগুনা: সকাল সাড়ে আটটার দিকে চুনাখালী এলাকার পটুয়াখালী-আমতলী কুয়াকাটা সড়কে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।
নিহতরা হলেন-মোটরসাইকেল চালক মনির হোসেন শিকদার ও ঢাকা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শেষ বর্ষের ছাত্র উজ্জ্বল লাল শীল। আহত আল আমিনকে স্থানীয় লোকজন উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।
আমতলী থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, পিকআপটি আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী পলাতক।
গাজীপুর: মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভোগড়া বাইপাস মোড়ের কাছে বাসচাপায় এক অজ্ঞাতপরিচয় নারী নিহত হয়েছে। তার বয়স আনুমানিক ৪৫ বছর।
গাজীপুর হাইওয়ে পুলিশের এসআই বাহার আলম জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে ভোগড়া বাইপাস এলাকায় রাস্তা পার হওয়ার সময় শেরপুরগামী ড্রিমল্যান্ড পরিবহনের একটি বাস ঐ নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।