কুমিল্লায় নাসরিন আক্তার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে চৌদ্দগ্রামের উজিরপুর ইউনিয়নের উজিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নাসরিন কৃষ্ণপুর গ্রামের শাহ আলমের মেয়ে।
ওই গৃহবধূর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, যৌতুকের দাবিতে গৃহবধূ নাসরিন আক্তারকে প্রায়ই নির্যাতন করতেন তার স্বামী রুবেল ও পরিবারের লোকজন। মঙ্গলবার রাতে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে নাসরিনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
চৌদ্দগ্রাম থানার ওসি মো. ফরহাদ জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।