ময়মনসিংহের ত্রিশালে ধানীখোলা ইউনিয়নে দরিদ্র-দুস্থদের জন্য ঈদ উপলক্ষে আসা বরাদ্দের ভিজিএফের ৫২ বস্তা চাল এলাকাবাসীর সহযোগিতায় মঙ্গলবার আটক করে পুলিশ। এই ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে ভিজিএফের চাল বিতরণ শেষে ৫২ বস্তা চাল স্থানীয় হোসাইনের রাইস মিল সংলগ্ন কামালের গুদামে সরানোর হয়। ইউপি সদস্য গোলাম মোস্তফাসহ এলাকাবাসী টের পেয়ে গেলে ইউপি চেয়ারম্যানকে দায়ী করে বিক্ষোভ মিছিল বের করেন এলাকাবাসী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিকন তং চঙ্গা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোজাহারুল হক ও ত্রিশাল থানা পুলিশ। পরে ভিজিএফের চাল সনাক্ত করে রাত ৯টার দিকে ঐ গুদামে সিলগালা করা হয়। তবে এই ভিজিএফের চাল আত্মসাতের ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। ভিজিএফ কার্ডধারী সাদেক আলী, ওয়াসিম ও ইয়াকুব আলীসহ বেশ কয়েকজন ১০ কেজি চালের মধ্যে ৬ কেজি চাল পেয়েছেন বলে অভিযোগ করেন।
ইউপি চেয়ারম্যান আসাদুল্লাহ আসাদ জানান, আমাকে ফাঁসানোর জন্য চক্রান্ত করে এ ঘটনা ঘটানো হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিকন তং চঙ্গা জানান, ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্তের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।