রাজশাহীতে কর মেলায় ৬ কোটির বেশি আয়কর আদায়


রাজশাহীতে সহপ্তাহ ব্যাপী আয়কর মেলায় পৌণে ছয় কোটি টাকা কর আদায় হয়েছে। যা গতবারের চেয়ে কয়েকগুণ বেশি। এ ছাড়া প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ আয়কর প্রদান সংক্রান্ত সেবা নিয়েছেন।

মেলার আনুষ্ঠানিক সমাপ্তি শেষে মঙ্গলবার রাতে এ তথ্য জানানো হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমেদ। রাজশাহী কর অঞ্চলের কমিশনার দবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী কর অঞ্চলের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ১৬ সেপ্টেম্বর থেকে নগরীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে এ মেলা শুরু এবং ২২ সেপ্টেম্বর বিকাল ৫টায় শেষ হয়। মেলার শেষের দিন রাজশাহী কর অঞ্চলের উপ-কর কমিশনার ওয়াকিল আহম্মেদ জানান, এ বছর মেলায় রাজশাহী কর অঞ্চলে মোট পাঁচ কোটি ৮২ লাখ ১২ হাজার ৫৪৭ টাকা আয়কর আদায় হয়েছে। সব মিলিয়ে মেলায় ছয় হাজার ৯৭৭টি আয়কর রিটার্ন জমা পড়েছে। নতুন টিআইএন রেজিস্ট্রেশন করেছেন ৩৫৯ জন এবং ২৮ জন টিআইএন রি-রেজিস্ট্রেশন করেছেন। মেলায় আয়কর প্রদান সংক্রান্ত সেবা নিয়েছেন ৩০ হাজার ৭৯০ জন।

রাজশাহীর বাইরে এবারও জেলা পর্যায়ে নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জে আলাদাভাবে আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া এবারই প্রথম উপজেলা পর্যায়েও আয়োজন করা হয় মেলা। সচেতনতা বাড়ানোর পাশাপাশি আয়কর নিয়ে জনগণের ভীতি দূর ও করসেবা জনগণের দোরগোড়ায় আনতে এ উদ্যোগ নেয় জাতীয় রাজস্ব বোর্ড।