প্রথমবারের মত যুক্তরাষ্ট্র সফরে গেলেন পোপ ফ্রান্সিস। এ সময় তিনি দেশটির রাজধানী ওয়াশিংটনের কাছে এন্ড্রুজ এয়ার ফোর্স ঘাঁটিতে পৌঁছানোর পর সপরিবারে তাকে স্বাগত জানান প্রেসিডেন্ট বারাক ওবামা।
এ ছাড়া, ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, তার স্ত্রী এবং মার্কিন ক্যাথলিক নেতারাসহ ওয়াশিংটন এলাকার ক্যাথলিক স্কুলগুলোর শিশু শিক্ষার্থীরাও পোপকে স্বাগত জানায়। ছয়দিনের এ সফরে পোপ ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক এবং ফিলাডেলফিয়া পরিদর্শন করবেন।
বুধবার হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ওবামার সঙ্গে বৈঠকের কথা রয়েছে পোপের। সফরকালে পোপ ফ্রান্সিস তার উল্লেখযোগ্য দুটি ভাষণের একটি দেবেন বৃহস্পতিবার কংগ্রেসে এবং অপরটি শুক্রবার জাতিসংঘে। এ ছাড়া, লাখো মার্কিন ক্যাথলিকের সঙ্গে সাক্ষাৎ করে পোপ তাদের উদ্দেশে জলবায়ু পরিবর্তন এবং আয়ের অসমতার মত কন্টকাকীর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলবেন বলে আশা করা হচ্ছে।
পোপ কিউবা থেকে যুক্তরাষ্ট্রে গেছেন। কিউবায় ৪ দিনের সফরকালে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরো জোরদারের মাধ্যমে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করার আহ্বান জানান। সাংবাদিকদের তিনি বলেন, যুক্তরাষ্ট্র কিউবার ওপর থেকে দীর্ঘদিনের বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নেবে বলে তিনি আশা করেন। তবে কংগ্রেসে এ সপ্তাহে ভাষণ দেয়ার সময় তিনি এ প্রসঙ্গটি তুলবেন না বলে জানা গেছে।