অভিবাসন নীতিতে পরিবর্তনের দাবিতে

যুক্তরাষ্ট্রে '১০০ নারীর ১০০ মাইল পদযাত্রা'


প্রায় সোয়া কোটি অবৈধ অভিবাসীর বৈধতার জন্য 'কম্প্রিহেনসিভ ইমিগ্রেশন রিফর্ম বিল' কার্যকরের দাবিতে পেনসিলভেনিয়ার একটি অভিবাসন কেন্দ্র থেকে রাজধানী ওয়াশিংটন ডিসি পর্যন্ত ১শ'  মাইল পথ পায়ে হেঁটে পাড়ি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নানা বয়সী ১শ' নারী। ৮দিনের এ পদযাত্রা মঙ্গলবার রাজধানীর ক্যাপিটাল হিলে এসে শেষ হয়।

লক্ষাধিক বাংলাদেশিসহ প্রায় সোয়া কোটি অভিবাসীর বৈধতার দাবিতে এই কর্মসূচি গ্রহণ করা হয়। এ সময় খ্রিস্টান সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস যুক্তরাষ্ট্র সফরে ডিসি তে পৌঁছান। পোপের মাধ্যমে মার্কিন কংগ্রেসে প্রভাব বিস্তারের অভিপ্রায়ে এ কর্মসূচি নেয়া হয়েছে বলে জানান আয়োজকরা। পোপ এর আগে অভিবাসীদের প্রতি সদয় হতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছিলেন।

'উই বিলঙ টুগেদার' ব্যানারে পদযাত্রা কর্মসূচির শুরুতে উদ্যেক্তাদের একজন আন্দ্রিয়া ক্রিস্টিনা মারকেডো বলেন, পোপের সফরের সময় এমন একটি কর্মসূচির ভীষণ প্রয়োজন ছিল। অভিবাসন ইস্যুতে মার্কিন কংগ্রেস যাতে আরো মানবিক হয় সে ব্যাপারে পোপ জোরালো আহবান জানাবেন বলে আশা করছি।