মুক্তাগাছায় পাষণ্ড বাবার হাতে শিশু হত্যা

ময়মনসিংহের মুক্তাগাছায় শ্বশুর বাড়ি বেড়াতে এসে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে দেড় বছরের শিশু কন্যাকে কুপিয়ে হত্যা করেছে এক পাষন্ড বাবা। ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে উপজেলার লিচুতলা গ্রামে।

পুলিশ ও এলাকাবাসী জানায় ময়মনসিংহ সদর উপজেলার মাইজবাড়ি গ্রামের চানমিয়ার পুত্র শাহজাহান মিয়া তার স্ত্রী পারভিন আক্তারকে নিয়ে মুক্তাগাছার কুমারগাতা ইউনিয়নের লিচুতলা গ্রামে শ্বশুর রেনু মিয়ার বাড়ি বেড়াতে আসে। সেখানে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে শাহজাহান তাদের দেড় বছরের শিশু সন্তান সুমাইয়াকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে।

পুলিশ লাশ উদ্ধার করে ও শাহজাহান মিয়াকে গ্রেফতার করে। নিহত শিশুর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ আবু মোঃ ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।