কেন্দুয়ায় বসতবাড়িতে হামলা-অগ্নিসংযোগ, কোরবানির গরু লুট

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সোহেল তালুকদার নামে এক ব্যক্তির বসতবাড়িতে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কোরবানির জন্য কেনা ৮৭ হাজার টাকা মূল্যের একটি ষাঁড়গরুও লুট করে নিয়ে গেছে হামলাকারীরা।
 
বুধবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার আশুজিয়া ইউনিয়নের সিংহেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, উপজেলার সিংহেরগাঁও গ্রামের সোহেল তালুকদারের সঙ্গে যৌথ মালিকানায় ইটভাটার ব্যবসা করতেন একই গ্রামের গোলাম ফারুক খান। ব্যবসার টাকা নিয়ে এক পর্যায়ে দুজনের মধ্যে বিরোধ দেখা দিলে গ্রামের লোকজন সালিশের মাধ্যমে বিরোধের সমাধান করেন। কিন্তু সোহেল তালুকদার কিছুক্ষণ পরেই সালিশের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন। এ ঘটনায় গ্রামের লোকজন সোহেল তালুকদারকে একঘরে করে রাখে। এরই জের ধরে বুধবার স্থানীয় মদনপুর পশুরহাট থেকে কোরবানির জন্য সিংহেরগাও গ্রামের রবিকুল ইসলামের একটি ষাঁড়গরু ৮৭ হাজার টাকা দিয়ে ক্রয় করেন সোহেল তালুকদার। পরে বিষয়টি জানাজানি হলে রাত সাড়ে নয়টার দিকে ইউপি চেয়ারম্যান আবু তাহের, মঞ্জু তালুকদার ও তৌহিদসহ গ্রামের লোকজন সোহেল তালুকদারের বসতবাড়িতে হামলা করে গোয়ালঘরে আগুন দেয় এবং কোরবানির জন্য কেনা ষাঁড়গরুটি নিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
তবে ইউপি চেয়ারম্যান আবু তাহের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নিজেরাই ঘরে আগুন দিয়েছে এবং মালিক নিজেই তার ষাঁড়গরুটি নিয়ে গেছেন।’
 
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব ষাঁড়গরুটি নিয়ে যাওয়ার কথা স্বীকার করে জানান, এ ঘটনায় এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি।