সুনামগঞ্জে দায়ের কোপে স্ত্রী নিহত

সুনামগঞ্জের তাহিরপুরে পারিবারিক কলহের জের ধরে স্বামীর দায়ের কোপে স্ত্রী নিহত হয়েছেন।
 
রবিবার ভোরে উপজেলার বালিজুড়ি ইউনিয়নের আনোয়ারপুর গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর স্বামী পলাতক রয়েছেন।
 
স্থানীয়রা জানিয়েছেন, বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর গ্রামের শুক্কুর আলীর মেয়ে মারুফা বেগমের (১৮) সঙ্গে প্রায় এক বছর আগে আনোয়ারপুর গ্রামের মৃত ওছিউদ্দিনের ছেলে আশরাফুলের বিয়ে হয়। কিন্তু পরে আশরাফুল আবারো বিয়ে করতে চাইলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তার জের ধরে এই ঘটনা ঘটতে পারে।
 
তাহিরপুর থানার ওসি তদন্ত মোহাম্মদ হানিফ জানান, ধারালো দা দিয়ে মারুফার মাথায় কোপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 
আশরাফুলকে আটকের চেষ্টা চলছে।