রামগতিতে ৮ জেলের কারাদণ্ড

ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ডিমওয়ালা ইলিশ মাছ ধরার অভিযোগে লক্ষ্মীপুরের রামগতিতে ৮ জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্ত জেলেদেরকে রবিবার জেলহাজতে পাঠানো হয়েছে। 
 
জানা যায়, শনিবার রাতে টাংকিবাজার, গাবতলী ও রামগতিরহাট মাছঘাট এলাকার মেঘনা নদী থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় জেলেদের মাছ ধরার দুইটি নৌকা নদীতে ডুবিয়ে দেয়া হয়। জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয়। পরে রাতেই জেলেদেরকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল হাসান প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেন।
 
দণ্ডপ্রাপ্ত জেলেরা হচ্ছেন- উপজেলার গাবতলী এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে নাজিম উদ্দিন (২২), মো. নূর ইসলামের ছেলে মিরাজ উদ্দিন (১৮), শাহীন (১৬), হাতিয়া উপজেলার চেয়ারম্যানঘাট এলাকার মো. বেলাল উদ্দিনের ছেলে নেছার উদ্দিন (২২), মো. ফরিদ উদ্দিনের ছেলে নূর উদ্দিন (২৩), সুজনের ছেলে সুমন (২০), আবদুল হালিমের ছেলে ইউসুফ (১৭) ও নূর উদ্দিন মাঝির ছেলে মনির উদ্দিন (১৮)। 
 
মৎস্য সম্পদ উন্নয়ন ও সংরক্ষণ বিষয়ক উপজেলা টাস্কফোর্সের সদস্য সচিব সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. খোরশেদ আলম জানান, নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ডিমওয়ালা ইলিশ ধরার অভিযোগে মৎস্যসম্পদ রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০-এর ১৩ (১) ধারার আওতায় তাদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
 
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, দণ্ডপ্রাপ্ত জেলেদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।
 
জাতীয় মাছ ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এ সময় সারা দেশে ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মওজুদ নিষিদ্ধ করা হয়েছে।