এবার তুলা ও টায়ারের গুদামে আগুন

চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ক্ষত না শুকাতেই আবারো পুরনো ঢাকার নবাবপুরে একটি ছয়তলা বাড়িতে থাকা তুলা ও টায়ারের গোডাউনে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে পুরান ঢাকার নবাবপুরে মানসী সিনেমা হলের সামনে ৬ তলা ভবন আরাফাত প্লাজায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাড়িটির পঞ্চম তলায় তুলার গোডাউন। আর ষষ্ঠ তলায় পুরনো টায়ারের গোডাউন। দুটি গোডাউনের মধ্যে একটির মালিকের নাম মিঠু। অপরটির মালিক রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, আচমকা বাড়িটির পঞ্চম তলা থেকে ধোঁয়া বের হতে থাকে। সময় যত যায়, ধোঁয়াও তত বাড়তে থাকে। এত ধোঁয়া দেখে এলাকাজুড়ে আগুন-আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাত্ক্ষণিকভাবে ওই বাড়ি থেকে সব লোক নিচে নেমে যান। বন্ধ হয়ে যায় আশপাশের দোকানপাট।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাসেল শিকদার বলেন, তুলা ও টায়ারের গোডাউন থাকায় আগুন লাগার পর স্বাভাবিক কারণেই অনেক ধোঁয়া হয়েছে। এতে করে মানুষের মধ্যে আতঙ্ক বেশি ছড়িয়ে পড়েছিল। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সবমিলিয়ে আনুমানিক প্রায় পাঁচ লাখ টাকার মালামালের  ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা অন্তত ৫০ লাখ টাকার মালামাল প্রায় অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছেন। বিকাল সোয়া চারটার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্য কোনো কারণে আগুন লেগেছে কিনা তা জানার চেষ্টা অব্যাহত আছে।