স্ত্রী সাদিয়া বেগম সুমিকে মারধরের অভিযোগে গ্রেফতারকৃত আশরাফুল আলম ওরফে হিরো আলমের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে সদর থানা থেকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। তিনি জামিন প্রার্থনা করলে বিকালে শুনানি শেষে বিচারক আহম্মেদ শাহরিয়ার তারিক জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার এসআই আবদুর রহিম জানান, যৌতুকের কারণে স্ত্রী সাদিয়া বেগম সুমিকে মারধরের অভিযোগে শ্বশুর সাইফুল ইসলাম গত বুধবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দেন। এর আগে হিরো আলম তার স্ত্রী ও শ্বশুরসহ পাঁচজনের বিরুদ্ধে তাকে মারধর ও বাড়ি থেকে টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করেন। পাল্টাপাল্টি অভিযোগ আসায় বুধবার রাতে দুই পক্ষকে থানায় ডাকা হয়। সমঝোতা না হওয়ায় শ্বশুরের অভিযোগে রাতেই থানা থেকে হিরো আলমকে প্রথমে আটক ও পরে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। হিরো আলম আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করেন। বিকালে শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবেদন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।