সাভারে আগুনে পুড়িয়ে স্ত্রী হত্যার অভিযোগ স্বামী পলাতক

সাভারে পারিবারিক কলহের জের ধরে আগুনে পুড়িয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে ঘাতক স্বামী শহিদুল ইসলাম পলাতক রয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে সাভারের হেমায়েতপুর জয়নাবাড়ি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম রিনা বেগম (৪৫)। তিনি সাভার হেমায়েতপুর জয়নাবাড়ি এলাকার মৃত সামসুল হকের মেয়ে। পলাতক শহিদুলের গ্রামের বাড়ি বরিশাল জেলায় বলে জানা গেছে।

নিহতের বোন রিপা আক্তার অভিযোগে জানান, তার বোন রিনা বেগম রাজধানীর শেরে বাংলা নগর এলাকার জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে আয়ার চাকরি করতেন। সেখানেই নিরাপত্তা কর্মী হিসেবে চাকরি করতেন শহিদুল ইসলাম। এরই সূত্র ধরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠলে গত তিন বছর আগে তাদের বিয়ে হয়। তবে বিয়ের আগেই শহিদুল ব্যবসার কথা বলে রিনার কাছ থেকে কয়েক লাখ টাকা ধার নেয়। সেই টাকা ফেরত চাইলেই গতকাল ভোরে উভয়ের মধ্যে ঝগড়ার সূত্রপাত হয়। এরই জের ধরে ভোরে রিনাকে পিটিয়ে আহত করে দুলাভাই শহিদুল। একপর্যায়ে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে বিষয়টি ধামাচাপা দিতে শহিদুল দগ্ধ রিনাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে গেলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপরই ঘাতক শহিদুল হাসপাতাল থেকে কৌশলে পালিয়ে যায়।