গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজটে আটকে থাকা ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কবির আহমেদ খানের গাড়িতে হামলা চালিয়ে মালামাল ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানার পুলিশ। মঙ্গলবার গাজীপুর মহানগরীর হোসেন মার্কেট এলাকার ওভার ব্রিজের নিচ থেকে একজন পরে টঙ্গী বাজার এলাকার পথিক পেট্রোল পাম্প থেকে অপরজনকে গ্রেফতার করা হয়। এরা হচ্ছে টঙ্গীর উত্তর আউচপাড়া এলাকার নুরু কাউন্সিলরের বাড়ির ভাড়াটে মো. আবুল কালামের ছেলে মো. আব্দুর রহিম (২২) ও একই এলাকার রসুলবাগ হুজুরের বাড়ির ভাড়াটে মো. আফসার উদ্দিনের ছেলে আ. রহমান রাসেল (১৮)।
বুধবার গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পশ্চিম থানার ওসি মো. এমদাদুল হক জানান, আটককৃতদের স্বীকারোক্তিতে লুণ্ঠিত মালামালের মধ্যে একটি ডায়মন্ডের স্বর্ণের আংটি এবং একটি স্বর্ণের বালা উদ্ধার করা হয়েছে। থানায় অভিযোগকারী উদ্ধারকৃত মালামাল শনাক্ত করেছেন।