নেত্রকোনা সদর উপজেলায় গত ২৪ ঘণ্টায় দু'টি খুনের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের মোহাম্মদ আলী (৪৫) এবং রবিবার সন্ধ্যায় দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের পাবিয়াজোড় গ্রামের গিয়াস উদ্দিন (৫০) খুন হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের গাবরাগতি গ্রামের হাছেন আলীর একটি মোবাইল ফোন এক মাস পূর্বে চুরি হয়। এই মোবাইল চুরির জন্য হাছেন আলী একই এলাকার মোহাম্মদ আলীর পুত্র রিপনকে দায়ী করে আসছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে আজ দুপুরে মোহাম্মদ আলী এবং হাছেন আলীর মধ্যে ঝগড়া বাঁধে। এর এক পর্যায়ে হাছেন আলী বাড়ি থেকে রাম দা নিয়ে এসে মোহাম্মদ আলীর ওপর হামলা করলে তিনি ঘটনাস্থলেই রামদার কোপে মারা যান। নেত্রকোনা মডেল থানার ওসি মাছুদুল আলম খুনের ঘটনা স্বীকার করেছেন।
অপরদিকে নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের পাবিয়াজোড় গ্রামে রবিবার সন্ধ্যায় গিয়াস উদ্দিন (৫০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিবেশী নুরুল হকের পুত্র মুরাদ নামে এক ব্যক্তি রাতে ধারালো অস্ত্র দিয়ে বাড়ির সামনে ধান ক্ষেতে ফেলে তাকে খুন করে।
নেত্রকোনা মডেল থানার ওসি মাছুদুল আলম জানান, প্রতিবেশী মুরাদ মিয়ার সঙ্গে বিবাদের ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডটি ঘটেছে। থানায় মামলা হয়েছে। আসামি পলাতক রয়েছেন।