দোহারে কারেন্ট জাল জব্দ, ৯ জেলেকে সাজা

ইলিশের প্রজননকালীন সরকারের বেঁধে দেওয়া নির্ধারিত সময় উপেক্ষা করে ঢাকার দোহার উপজেলার বিভিন্ন এলাকায় পদ্মা নদীতে কারেন্ট জাল দিয়ে মা ইলিশ ধরার সময় তিন লক্ষ মিটার কারেন্ট জালসহ নয় জেলেকে আটকের পর বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকালে তাদের এ সাজা দেয়া হয়।
 
সাজাপ্রাপ্ত হলেন, আব্দুল জলিল (৩৫), শাহজাহান (৪০), মিঠুন (২১), শেখ বাদশা (৫০), সালাম বেপারী (৪০), আবু শেখ (২৫), আব্দুল কদ্দুস (৪০), চঞ্চল মৃধা (৪০) এবং শেখ মোকছেদ। সোমবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নরুল করিম ভূঁইয়ার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদের বিভিন্ন মেয়াদে এ সাজা প্রদান করা হয়।
 
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সিরাজুল ইসলাম বলেন, সোমবার বিকাল আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এবং জব্দকৃত তিন লক্ষ মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।