চা বিক্রি করে ডিগ্রিতে ফার্স্ট ক্লাস

ফুলবাড়ির বাসিন্দা চা দোকান কর্মচারী ফারুক হোসেন এবার প্রথম শ্রেণিতে ডিগ্রি পাস করে সকলকে তাক লাগিয়ে দিয়েছে, প্রমাণ করেছে দৃঢ় মনোবল ও প্রবল ইচ্ছাশক্তি থাকলে যে কোন লক্ষ্যই অর্জন করা সম্ভব, দরিদ্রতা এক্ষেত্রে বাধা হতে পারে না।

 
দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার পৌর এলাকার চকচকা গ্রামের ওসমান আলীর ছেলে ফারুক হোসেন। অভাবের তাড়নায় সে উপজেলা পরিষদ গেটে ভাই নজরুল ইসলামের চায়ের দোকানের কর্মচারী হিসেবে কাজ করার পাশাপাশি লেখাপড়া চালিয়ে আসছে। সারাদিন চা বিক্রি করলেও রাতে সে পড়াশোনার জন্য ঠিকই সময় বের করে নেয়।
 
এভাবেই সে একে একে এসএসসি, এইচএসসি পাস করার পর ডিগ্রি পাস কোর্সে ভর্তি হয় ফুলবাড়ি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজে। সেই কলেজ থেকেই সে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১৩ সালের ডিগ্রি পাস পরীক্ষায় ব্যাচেলর অব সোস্যাল সায়েন্স (বিএসএস) বিভাগে পরীক্ষায় অংশ নেয়।
 

চলতি বছরের ২১ সেপ্টেম্বর তার পরীক্ষার ফল প্রকাশ হয়। পরীক্ষায় সে প্রথম শ্রেণিতে পাস করায় তার কলেজের শিক্ষক-শিক্ষিকা-কর্মচারীসহ তার পরিবারে আনন্দের বন্যা বয়ে যায়। ফারুক হোসেনই এখন তার পরিবারের ডিগ্রি পাসধারী একমাত্র ব্যক্তি। কৃতিত্বের সাথে ডিগ্রি পাস করে গোটা পরিবারের মুখ উজ্জ্বল করেছে সে।