ময়মনসিংহের সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের সুহিলা গ্রামের একটি পুকুর থেকে দুই ভাই-বোনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলো- শিশু ঐশি (৫) ও নোমান (৫মাস)। পুলিশের ধারণা এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, সোমবার রাতে সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের সুহিলা গ্রামের অলিউল্লার স্ত্রী রোকসানা খাতুন ৫ মাসের শিশুপুত্র নোমানকে নিয়ে এক ঘরে এবং আলিউল্লার মা সালমা ৫বছরের মেয়ে ঐশিকে নিয়ে নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রাত ১২টার দিকে গাড়ি চালক অলিউল্লাহ ঘরে ঢুকে স্ত্রী রোকসানার কোলে নোমানকে দেখতে না পেয়ে স্ত্রীকে ডেকে তুলে খোঁজাখুঁজি করতে থাকেন। তাদের চিৎকারে অলিউল্লার মা সালমা সজাগ হয়ে দেখেন তার পাশে ঐশিও নেই। রাতেই পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশু নোমানের লাশ বাড়ির পুকুরে ভাসতে দেখে। পরে ঐশির সন্ধান না পেয়ে পুলিশকে খবর দিলে মঙ্গলবার সকালে পুলিশ ওই পুকুর থেকেই ঐশির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কোতোয়ালী থানার সহকারী পুলিশ সুপার আব্দুর রশিদ জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারপরও বিষয়টি পুলিশ গুরুত্ব সহকারে দেখছে। এখনও মামলা হয়নি। লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।