দেশের পোশাক শিল্পের নিরাপত্তা মানোন্নয়নে অর্থায়ন সচল রাখছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক দাতা সংস্থা (ইউএসএআইডি)। আজ বুধবার দুটি নতুন ঋণ নিশ্চয়তা সহায়তায় স্বাক্ষর করেছে সংস্থাটি। এর মাধ্যমে বাংলাদেশে তৈরি পোশাক শিল্প কারখানার উন্নয়নে ও নিরাপত্তা মানোন্নয়নে ২ কোটি ২০ লক্ষ ডলার অর্থ সরবরাহ করবে ইউএসএআইডি।
ইউএসএআইডি, প্রাইম ব্যাংক লিমিটেড ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) মধ্যকার এই বিশেষ অংশীদারিত্ব বাংলাদেশের ছোট ও মাঝারি আকারের সরবরাহকারীদের জন্য সাশ্রয়ী ও দীর্ঘ মেয়াদী ঋণ সহজলভ্য করে তুলবে যা দ্বারা এ সকল পোশাক শিল্পের মালিক তাদের শ্রমিকদের সুরক্ষার্থে ও আন্তর্জাতিক মানে উন্নীত হতে গুরুত্বপূর্ণ নিরাপত্তার মানোন্নয়ন ও কারখানার কাঠামোগত উন্নয়ন সাধন করবে।
যেসব তৈরি পোশাক কারখানা অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার্স সেফটি-র (দ্য অ্যালায়েন্স) সদস্য ব্র্যান্ডগুলোতে পোশাক সরবরাহ করে তাদেরকে প্রথম চুক্তির আওতায় এক কোটি আশি লাখ ডলার পর্যন্ত ব্যাংক ঋণের নিশ্চয়তা দেবে। প্রাইম ব্যাংক এবং ইউসিবি'র সঙ্গে হওয়া নিশ্চয়তা অংশীদারিত্ব আরো সম্ভব হয়েছে অ্যালায়েন্স এর দেয়া পনেরো লাখ ডলারের অর্থনৈতিক প্রতিশ্রুতির জন্য।
যে কারখানাগুলো বাংলাদেশ অ্যাকর্ড ফর ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি (দ্য অ্যাকর্ড) এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা সমর্থিত বাংলাদেশ সরকারের ত্রিপক্ষীয় অ্যাকশন প্ল্যানের অংশ তাদেরকে দ্বিতীয় চুক্তিটি নিশ্চয়তা দেবে চল্লিশ লাখ ডলার পর্যন্ত ব্যাংক ঋণ সহায়তা যাতে তারা অর্থায়নের সুযোগ পায়।
এই নতুন চুক্তি অনুযায়ী যোগ্যতা সম্পন্ন তৈরি পোশাক সরবরাহকারীরা টাকা ও ইউএস ডলারে দীর্ঘমেয়াদী ঋণ নেওয়ার সুযোগ পাবে। এই দুটি সুবিধা একত্রে উল্লেখযোগ্যভাবে কার্যক্ষমতা বৃদ্ধি করবে ও তৈরি পোশাক সরবরাহকারীদের জন্য অর্থ সরবরাহ করবে এবং কারখানা শ্রমিকদের নিরাপত্তা মানন্নয়ন ও কাজের পরিবেশ উন্নয়ন ঘটাবে।
১৯৭১ সাল থেকে যুক্তরাষ্ট্র সরকার ইউএসএআইডি’র মাধ্যমে বাংলাদেশকে ছয়’শ কোটি ডলারেরও বেশী উন্নয়ন সহায়তা প্রদান করেছে। ২০১৪ সালে ইউএসএআইডি বাংলাদেশের জনগণের জীবনমানের উন্নয়নে প্রায় বিশ কোটি ডলার প্রদান করেছে। ইউএসএআইডি বাংলাদেশে যে সকল কর্মসূচিতে সহায়তা প্রদান করে সেগুলোর মধ্যে রয়েছে – গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও অনুশীলনের প্রসার, খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক সুবিধাদির সম্প্রসারণ, স্বাস্থ্য ও শিক্ষা সেবার উন্নয়ন ও অভিযোজন এবং স্বল্প কার্বন উন্নয়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তন পরিস্থিতির সংগে খাপ খাওয়ানো।
তৈরি পোশাক শিল্পে নিরাপত্তা ও কাজের পরিবেশ উন্নয়নে ইউএসএআইডি প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের প্রকল্পসমূহ শ্রমিক নেতাদের ইউনিয়ন নিবন্ধনে সহায়তা দেয়, শ্রমিকদেরকে তাদের আধিকার রক্ষার্থে, তাদের স্বার্থ্য প্রসারে এবং সমাজ ও তাদের কর্মক্ষেত্রের পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় সাহায্য ও দক্ষতা প্রদান করা হয়। কর্মক্ষেত্রের সার্বিক পরিচালনা নিরাপত্তা উন্নয়নে ইউএসএআইডি কারখানা ব্যবস্থাপকদের এবং অন্যান্য নেতৃবর্গকেও প্রশিক্ষণ প্রদান করে থাকে।