নওগাঁর পত্নীতলায় জমিজমা সংক্রান্ত বিবাদের জের ধরে নাসির উদ্দীন (৩৮) নামে এক ব্যক্তিকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করেছে বলে অভিযাগ উঠেছে। উপজেলার নির্মইল ইউনিয়নের রাধানগর গ্রামে বুধবার এ ঘটনা ঘটে।
নিহত নাসির উদ্দীন সাপাহার উপজেলার ভিওইল গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাধানগরের প্রায় সোয়া পাঁচ বিঘা সম্পত্তির ক্রয় সূত্রে মালিক বলে দাবি করে আসছেন নাসির উদ্দীন। একই জমি নিজের বলে ভোগদখল করে আসছেন রাধানগর গ্রামের ইজাবুল হক। সকালে নাসির উদ্দীন ও তার ছাট ভাই আব্দুস সালাম (২৫) লোকজন নিয়ে ওই জমির দখল নিতে যান। এ সময় প্রতিপক্ষের লোকজন তাঁদের বাধা দেয়। এ সময় তাদের মধ্য সংঘর্ষে নাসির উদ্দীন ও আব্দুস সালাম গুরুতর জখম হন। পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতাল নিয়ে যাওয়া হলে চিকিত্সাধীন অবস্থায় বিকাল চারটার দিকে নাসিরের মৃত্যু হয়।
এ ব্যাপার পত্মীতলা থানার ওসি নাছিম উদ্দিন জানান, জমিজমা নিয়ে বিবাদের জের ধরে সংঘর্ষে নিহতের খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত থানায় কেউ অভিযাগ নিয়ে আসেনি।