ঝিনাইদহের শৈলকুপা থেকে তাজুল ইসলাম তাজ নামে এক দশম শ্রেণির ছাত্রকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগে জানা গেছে। সে উপজেলার দামুকদিয়া গ্রামের মনিরুল ইসলাম তোতার ছেলে। অপহরণের দুই দিন পেরিয়ে গেলেও তাকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
এ বিষয়ে মনিরুল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে তাজকে অপহরণ করা হয়। রাত ১১টার দিকে তার ছেলের মোবাইল ফোনে অপহরণকারীদের একজন কথা বলে। তারপর থেকে মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।
এ ব্যাপারে শৈলকুপা থানায় একটি অপহরণ মামলা করেছেন ছাত্রের বাবা মনিরুল ইসলাম তোতা। শৈলকুপা থানার ওসি মো. হাশেম খান জানান, অপহৃত ছাত্রকে উদ্ধারের চেষ্টা চলছে।