ম্যানচেস্টারের দুই ক্লাবের পরাজয়ে মিল, বিজয়েও

চ্যাম্পিয়ন্স লিগের আগের রাউন্ডে ম্যানচেস্টারের দুই দল হেরেছিল সমান ব্যবধানে । এবার ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি দুই দলই একই ব্যবধানে জয় পেয়েছে।
 
 
ভলফসবুর্গের বিপক্ষে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ২-১ গোলে জিতেছে ম্যানইউ। আর বরুসিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে ‘ডি’ গ্রুপে ম্যানসিটিও নিজেদের দ্বিতীয় ম্যাচে ২-১ গোলের জয় পেয়েছে। এর আগে গত ১৫ সেপ্টেম্বর একই ব্যবধানে জুভেন্টাসের বিপক্ষে হেরেছিল ম্যানসিটি। নেদারল্যান্ডের পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে সমান ব্যবধানে হেরেছিল ম্যানইউ

ম্যানসিটির বিপক্ষে প্রথমার্ধের খেলা গোলশূন্য স্কোরলাইনে শেষ হলেও দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে এগিয়ে যায় মনশেনগ্লাডবাখ। । অবশ্য স্বাগতিকদের এগিয়ে যাওয়ার আনন্দ ১০ মিনিটের বেশি স্থায়ী হয়নি। ৬৫ মিনিটে ম্যানসিটিকে ১-১ সমতায় ফেরান ডিফেন্ডার ওটামেন্ডি।

এরপর এক সময় মনে হচ্ছিল ১-১ স্কোরলাইনে শেষ হতে যাচ্ছে ম্যাচটি। কিন্তু নির্ধারিত সময়ের খেলার একেবারে শেষ মিনিটে পেনাল্টি পায় ম্যানসিটি। নিজেদের ডি বক্সের মধ্যে মনশেনগ্লাডবাখের ফ্যাবিয়ান জনসন সার্জিও আগুয়েরোকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আর পেনাল্টি থেকে ম্যানসিটির জয়সূচক গোলটি করেন আগুয়েরো। এই জয়ে দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের তৃতীয় স্থানে আছে ম্যানসিটি।
 
IMG0

অন্যদিকে নিজেদের মাঠে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের চতুর্থ মিনিটেই পিছিয়ে পড়ে ম্যানইউ। সতীর্থ ম্যাক্স ক্রুসের বুদ্ধিদীপ্ত পাস থেকে গোল করে ভলফসবুর্গকে এগিয়ে দেন ড্যানিয়েল ক্যালিগুরি। তবে ৩৪ মিনিটে পেনাল্টি থেকে স্বাগতিকদের সমতায় ফেরান হুয়ান মাতা। আর ৫৩ মিনিটে ক্রিস স্মলিংর গোলে শেষ পর্যন্ত ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারে লুইস ফন গালের দল। দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের তৃতীয় স্থানে আছে ম্যানইউ। গোল ডটকম