নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনা ঘটেছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশের ধারণা।
বুধবার ভোর রাতে মেন্দিপুর ইউনিয়নের ইছাপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্ত্রী কিতুর (২২) খুনি হিসেবে পুলিশ তার স্বামী সৈকত সরকারকে আজ বৃহস্পতিবার গ্রেফতার করে। কিতুর ভাসুর সাগর সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, স্ত্রী কিতুর সঙ্গে স্বামী সৈকতের ঝগড়া বিবাদ লেগে থাকতো। বুধবারও তাদের মধ্যে ঝগড়া হয়। আজ বৃহস্পতিবার সকালে লোকজন কিতুর কোন সারা না পেয়ে ঘরে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওই রাতেই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানায়। কিতুর শরীরের বিভিন্ন অংশে সিগারেটের পোড়ার চিহ্ন পাওয়া গেছে।
হত্যার আগে কিতুর ওপর নির্যাতন করা হয় বলেও পুলিশের ধারণা। লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনায় হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।