রপ্তানিতে ভর্তুকি পাওয়া কৃষিজাত পণ্য ও প্রক্রিয়াজাতকরণ কৃষিজাত পণ্যের তালিকায় নতুন করে যুক্ত হলো টিনজাত আনারস, টিনজাত বেবিকর্ন ও টিনজাত ঘৃতকুমারী।
বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করে বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলারের কাছে নতুন অন্তর্ভুক্ত পণ্যের নাম পাঠিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কৃষিজাত পণ্য হিসেবে শাক-সবজি ও প্রক্রিয়াজাতকরণ কৃষিপণ্য হিসেবে টিনজাত আনারস, টিনজাত বেবিকর্ন ও টিনজাত ঘৃতকুমারী অন্তর্ভুক্ত হবে। নতুন অন্তর্ভুক্ত পণ্যগুলোর ভর্তুকি সুবিধা পাওয়া যাবে প্রজ্ঞাপন জারির দিন অথবা জাহাজিকরণ করার পর থেকে।
সুবিধাপ্রাপ্তির বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবগত করারও পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে ২০০৫ সালের ৬ অক্টোবর কৃষিজাত পণ্য ও প্রক্রিয়াজাতকরণ কৃষিজাত পণ্যের রপ্তানিতে ভর্তুকি প্রদানে প্রজ্ঞাপন জারি করেছিল বাংলাদেশ ব্যাংক। ওই প্রজ্ঞাপনের অন্তর্ভুক্ত পণ্যগুলোর সঙ্গে নতুন এ তিন পণ্য যুক্ত করা হলো।