‘আমার নির্দোষ ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে’

বর্বরোচিত নির্যাতনে নিহত শিশু শেখ সামিউল আলম রাজনের পিতা শেখ আজিজুর রহমান সিলেট মহানগর দায়রা জজ আদালতে সাক্ষ্য দিয়েছেন বৃহস্পতিবার। সাক্ষ্যদানকালে তিনি বলেন, ‘আমার ছেলে ৮ জুলাই ভোরে সবজি বিক্রি করতে গিয়েছিল। কামরুল ও তার সহযোগীরা আমার নির্দোষ ছেলেকে চোর অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি হত্যাকারীদের উপযুক্ত শাস্তি চাই।’ রাজনের পিতা ছাড়াও আদালতে সাক্ষ্য দিয়েছেন-মামলার বাদী ও জালালাবাদ থানার বরখাস্তকৃত এস আই আমিনুল ইসলাম। এ সময় আদালত প্রাঙ্গণে অনেক লোকজন ছিল ।

 

এদিকে রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলামকে সৌদি আরব থেকে ফিরিয়ে আনার বিষয়ে বেশ অগ্রগতি রয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কামরুল আহসান। তিনি বলেন, কামরুলকে ফিরিয়ে আনার বিষয়ে সৌদি আরবের রাজকীয় ফরমানের চিঠি ইতিমধ্যে পুলিশ হেডকোয়ার্টার্সে এসে পৌঁছেছে। পবিত্র হজ্ব এবং ঈদুল আজহার কারণে অভিযুক্তকে ফিরিয়ে আনতে বিলম্ব হচ্ছে। হজ্ব ফ্লাইট শেষ হওয়ার পর বাংলাদেশি কর্তৃপক্ষ সৌদি আরবে গিয়ে যে কোনদিন তাকে নিয়ে আসতে পারবে বলে জানান এসএমপি কমিশনার।