বগুড়া-ঢাকা মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আবুল বাসার নামের এক ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে মহাসড়কে শেরপুর উপজেলার ধনকুন্ডি এলাকায় একটি ব্রীজের উপর এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক আবুল বাসার (৩০) ভোলা জেলা বোরহান উদ্দিন উপজেলার জয়া গ্রামের আব্দুল মোত্তালেবের ছেলে। ব্রিজের উপর দুর্ঘটনা কবলিত বাস ট্রাক আটকে থাকায় বগুড়া-ঢাকা মহাসড়কে ৭ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। ফলে মহাসড়কের উভয় পার্শ্বে ১০ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। শুক্রবার সকাল ৯টার পর দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক সরানোর পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
জানা গেছে, ঢাকাগামী টিয়া পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছলে বিপরীতমুখি বিস্কুট বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক আবুল বামসার মারা যান। এছাড়াও বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হন। ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ আহতদের উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে দিনাজপুরের হাকিমপুর উপজেলার আব্দুল মতিনের মেয়ে রিনা (২১) ও ময়না (২৪) এর অবস্থা আশংকাজনক।
শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান সোহেল রানা জানান, সরু ব্রিজের উপর এক সঙ্গে দুইটি যানবাহন ঢুকে পড়ায় দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে দুইটি যানবাহন আড়াআড়িভাবে আটকে থাকায় মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।