পূর্বধলায় ১ লাখ ৬৭ হাজার টাকা ছিনতাই

নেত্রকোনার পূর্বধলায় এক বিকাশ এজেন্টের ১ লাখ ৬৭ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে শুক্রবার দুপুরে কিতাব আলী (৩২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলা সদর ইউনিয়নের শীষকান্দি গ্রামের আদম আলীর ছেলে।
 
পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল কুদ্দুছ আকন্দ (৩২) উপজেলা সদরের লালমিয়ার বাজারে ওষুধের ব্যবসার পাশাপাশি মোবাইলের ফ্লেক্সিলোড ও বিকাশ এজেন্টের ব্যাবসা করতেন। গত ২৪ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টার দিকে আব্দুল কুদ্দুছ তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে লালমিয়ার বাজার-দিউপাড়া রাস্তার শীষকান্দিতে তিন ব্যক্তি তার গতিরোধ করে লাঠিসোটা দিয়ে পিটিয়ে তার কাছ থেকে ১ লাখ ৬৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় আব্দুল কুদ্দুছ বাদি হয়ে অজ্ঞাতনামা তিন ব্যক্তিকে আসামি করে পূর্বধলা থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ শুক্রবার দুপুরে কিতাব আলীকে আটক করে।
 
পূর্বধলা থানার ওসি (তদন্ত) মো. শওকত আলী জানান, কিছু তথ্য প্রমানের ভিত্তিতে সন্দেহজনক ভাবে কিতাব আলীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পর তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।