খুলনায় রাসেল শেখ ওরফে শাহিন (২৬) নামে এক পেশাদার সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার পুলিশ নগরীর শিববাড়ি মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী নগরীর দেবেন বাবু রোড এলাকা থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। তিনি নগরীর শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর প্রধান সহযোগী।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহম্মেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহিন নগরীর দেবেন বাবু রোডের লাবলু পাটোয়ারীর ক্লাবে (ইজাজের বাড়ি) তার সহযোগী সাব্বির, রিয়াজ, পল্টু, রাজু, রনি ও গালকাটা সেলিম অবস্থান করছে বলে জানায়। তাদের কাছে রাসেল ও গ্রেনেড বাবুর অস্ত্র ভান্ডার রক্ষিত রয়েছে বলেও তিনি স্বীকার করে। সে অনুযায়ী পুলিশ সেখানে অভিযান চালিয়ে তার সহযোগীদের গ্রেফতার করতে না পারলেও একটি ঝুড়ির মধ্য থেকে একটি দেশি তৈরি পিস্তল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
ওসি আরো জানান, রাসেল একজন পেশাদার সন্ত্রাসী। তিনি ফুলতলা উপজেলার দামোদর গ্রামের বাসিন্দা। তার নামে নগরীর বিভিন্ন থানায় অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।