বাংলাদেশ টুরিস্ট পুলিশের ফেসবুক পেজ হ্যাক করার অভিযোগে নাটোরের গুরুদাসপুর উপজেলা থেকে রাব্বি ইসলাম নামে এক স্কুল ছাত্রকে আটক করা হয়েছে।
শুক্রবার দুপুরে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। সে উপজেলার চাঁচকৈড় পুরাতন পাড়া এলাকার আনিসুর রহমানের ছেলে ও চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেনীর ব্যবসায় শিক্ষা শাখার ছাত্র।
পুলিশ জানায়, বুধবার সকাল সাড়ে আটটার দিকে বাংলাদেশ টুরিস্ট পুলিশের ফেসবুক পেজ হ্যাকিং করে হুমকি প্রদর্শন করে রাব্বি ইসলাম (১৬)। শুক্রবার দুপুরে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
রাব্বি ইসলাম জানায়, সে কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই ফেসবুক হ্যাকিং করা শিখেছে এবং এটাই প্রথম কোন প্রতিষ্ঠানের পেজ হ্যাকিং করার ঘটনা। প্রথম ঘটনাতেই পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়েছে। তবে রাব্বি বাংলাদেশ টুরিস্ট পুলিশের ফেসবুক পেজ হ্যাকিং করে কি হুমকি দিয়েছে তা জানা যায়নি।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহিম জানান, বাংলাদেশ টুরিস্ট পুলিশের পক্ষ থেকে তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে।