চ্যাম্পিয়ন্স লিগের বিরতি কাটিয়ে শনিবার আবারো মাঠে গড়াচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। চাপে থাকা চেলসি নিজেদের মাঠে সাউদাম্পটনকে আতিথ্য দেবে। সাত খেলায় মাত্র আট পয়েন্ট নিয়ে টেবিলের ১৪ নম্বর অবস্থানে থাকায় জয়ের বিকল্প নেই শিরোপাধারীদের জন্য। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগে জয় পেলেও নিউক্যাসেলের বিপক্ষে আজ লিগের টানা হারের হতাশা কাটিয়ে উঠতে চাইবে ম্যানচেস্টার সিটি।
লিগে হতাশাজনক শুরুর পর আর্সেনালকে দু’গোলে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল চেলসি। কিন্তু নিউক্যাসেলের মাঠে ড্র করে এবং চ্যাম্পিয়ন্স লিগে পর্তোর কাছে হেরে আবার মারাত্মক চাপে চেলসির কোচ হোসে মরিনহো।
এদিকে ইত্তেহাদ স্টেডিয়ামে আতিথ্য দেবে ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স লিগে জার্মান ক্লাব বুরুসিয়া মনচেগ্লাডবাখের সঙ্গে ২-১ গোলে জিতলেও সিটিজেনদের পারফরম্যান্স ছিল হতাশাজনক। লিগে ওয়েস্টহ্যাম এবং টটেনহ্যামের বিপক্ষে গত দু’খেলায় হারায় ঘুরে দাঁড়ানোর লড়াই কোচ ম্যানুয়েল পেলেগ্রিনির শিষ্যদের। নিউক্যাসেলকে হারাতে পারলে সিটির সামনে অন্তত একদিনের জন্য এককভাবে শীর্ষে ওঠার সুযোগ।