পরিবেশ ও বন মন্ত্রী এবং জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি গতকাল শুক্রবার টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেন। তিনি প্রথমে সমাধি সৌধে পুষ্পমাল্য অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান। মন্ত্রী জাতির জনকের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। এ সময় বঙ্গবন্ধু ও তাঁর পিতা-মাতার মাজারের সামনে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
শ্রদ্ধা জানানোর সময় পরিবেশ ও বন মন্ত্রীর সাথে অন্যান্যের মধ্যে ছিলেন জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মহিউদ্দিন মহারাজ, জেপি’র ভান্ডারিয়া উপজেলা যুগ্ম আহ্বায়ক ও ভান্ডারিয়া সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফায়জুর রশীদ খসরু জোমাদ্দার, ভান্ডারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, জেপি’র কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক এনামুল ইসলাম রুবেল, কেন্দ্রীয় জেপি নেতা ইউসুফ আলী আকন, নাজিরপুর উপজেলা জেপি’র সাধারণ সম্পাদক কাজী মোসলেম, ভান্ডারিয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক এহসাম হাওলাদার, ছাত্র সমাজের আহ্বায়ক আরিফুল ইসলাম শিমুল, সদস্য সচিব সালাহউদ্দিন রাহাত, কাউখালী উপজেলা সাধারণ সম্পাদক জিয়াউল আহসান জুয়েল প্রমুখ।
গতকাল শুক্রবার দুপুরের পর পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ভান্ডারিয়া থেকে টুঙ্গীপাড়া পৌঁছলে তাঁকে স্বাগত জানান গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান, টুঙ্গীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ সোলায়মান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক হাফিজুর রশীদ তারেক, যুবলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক বিশ্বাস প্রমুখ।