ডুমিনির ঝড়ো ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার জয়

বৃথা গেল রোহিত শর্মার প্রথম প্রথম টি টোয়েন্টি সেঞ্চুরি। এবি ডি ভিলিয়ার্স ও জেপি ডুমিনির ঝোড়ো ব্যাটিংয়ে প্রথম টি টোয়েন্টিতে ভারতকে ৭ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল প্রোটিয়ারা।
 
 
গতকাল শুক্রবার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারত আগে ব্যাট করতে নেমে রোহিত শর্মার ৬৬ বলে ১০৬ রানের উপর ভর করে ১৯৯ রান করে। বড় লক্ষ্য তাড়া  করতে নেমে  হাশিম আমলা ও ডি ভিলিয়ার্সের উদ্বোধনী জুটিতে ৪৬ বলে আসে ৭৭ রান। আমলা ৩৬ রান করে রান আউট হলেও ডি ভিলিয়ার্স মাত্র ৩১ বলে অর্ধশত রান  তুলে নেন।  ৩২ বলে ৭ চার ও এক ছক্কায় ৫১ রান করে অশ্বিনের বলে বোল্ড হয়ে যান ডি ভিলিয়ার্স দলীয় ৯৩ রানে। স্কোরবোর্ডে আর ২ রান যোগ হতেই বিদায় নেন অধিনায়ক ফাফ ডু প্লেসিস। এর পরই শুরু হয় ডুমিনির-তাণ্ডব।
 
 
চতুর্থ উইকেটে ফারহান বেহারদিয়েনের সঙ্গে ৫৫ বলে ১০৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ২ বল বাকি থাকতেই দলকে দারুণ এক জয় উপহার দেন ডুমিনি। মাত্র ৩৪ বলে ৬৮ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন এই বাঁহাতি। ৭টি ছক্কা ও একটি চারে বিধ্বংসী ইনিংসটি সাজান ডুমিনি। আর বেহারডিন ২৩ বলে ৩২ রানে অপরাজিত থাকেন।
 
 
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ২২ রানে শিখর ধাওয়ানের উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে রোহিত ও বিরাট কোহলির ১৩৮ রানের জুটিতে বড় সংগ্রহ পায় ভারত। ৬৬ বলে ১২ চার ও ৫ ছক্কায় ১০৬ রান করেন রোহিত। ২৭ বলে ৩ ছক্কা ও এক চারে ৪৩ রান করেন কোহলি। ক্রিকইনফো